আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দেশটির রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও অনুসন্ধানের নেতৃত্ব দিয়েছিলেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের রাশিয়ার সঙ্গে যোগসাজশের অভিযোগ সংক্রান্ত তদন্তে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার গভীর রাতে মুলার মারা যান। তবে তার মৃত্যুর সঠিক স্থান বা কারণ প্রকাশ করা হয়নি। এই সংবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক ও সরকারি প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে।
মুলার ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার কয়েকদিন আগে এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ১২ বছর এ পদে দায়িত্ব পালনকালে তিনি সংস্থাটির সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করেন। তার নেতৃত্বে এফবিআই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এফবিআই থেকে পদত্যাগের পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেয়। তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সহযোগিতা বিষয়ে স্বাধীন তদন্ত পরিচালনার দায়িত্ব পান। প্রায় দুই বছর চলা এই তদন্তে মুলার নিজে সরাসরি সাক্ষ্য দেন ২০১৯ সালের জুলাইয়ে। ট্রাম্প এই তদন্তকে ‘উইচ হান্ট’ বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অনুসন্ধান বলে অভিহিত করতেন।
সর্বজনীন সম্প্রচারিত শুনানিতে আমেরিকান জনগণ প্রথমবারের মতো মুলারের উপস্থিতি সরাসরি দেখতে পায়। তিনি কংগ্রেসের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বারবার বিশদ প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেন এবং স্পষ্টভাবে জানান, প্রতিবেদনে ট্রাম্পকে দায়মুক্ত করা হয়নি।
চার দশকের বেশি সরকারি দায়িত্ব পালনকালে মুলার ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের প্রেসিডেন্টের অধীনে কাজ করেছেন। তিনি রাজনৈতিকভাবে সংবেদনশীল রাশিয়া তদন্তের আগে ওয়াশিংটনে অত্যন্ত সুনামের অধিকারী ছিলেন। ভিয়েতনাম যুদ্ধেও অংশগ্রহণ করা মুলার আহত হন এবং বীরত্বের জন্য পদক লাভ করেন।
২০১৯ সালে ট্রাম্প মনোনীত এফবিআই প্রধান ক্রিস্টোফার রে মুলারকে ‘পূর্ণাঙ্গ পেশাদার এবং সোজাসাপ্টা মানুষ’ হিসেবে আখ্যা দেন। এফবিআই প্রধান হিসেবে তার কঠোর কর্মসংস্কৃতি ও দায়িত্বপরায়ণতা তাঁকে দুই দলের রাজনীতিকের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছিল।
মুলারের উল্লেখযোগ্য মামলাগুলির মধ্যে রয়েছে নিউইয়র্কের মাফিয়া নেতা জন গট্টি এবং পানামের সাবেক জেনারেল ম্যানুয়েল নরিয়েগা সংক্রান্ত বিচার। ২০১৭ সালের মে মাসে ট্রাম্প এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করার পর, মুলারকে পুনরায় রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত নির্বাচনী তদন্তে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।
২২ মাসের তদন্ত শেষে তার দল ট্রাম্পের ছয় সহযোগীসহ ৩৪ জন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনে। মুলারের নেতৃত্বাধীন এই অনুসন্ধান এবং তার প্রাপ্ত ফলাফল মার্কিন রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে এবং নীতি নির্ধারণ ও আইন প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছে।


