ইমরান খানের মুক্তির দাবিতে জাতিসংঘে হস্তক্ষেপের আহ্বান কাসিমের

ইমরান খানের মুক্তির দাবিতে জাতিসংঘে হস্তক্ষেপের আহ্বান কাসিমের

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের মুক্তির দাবিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সরব হয়েছেন তার ছেলে কাসিম খান।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে বক্তব্যকালে কাসিম অভিযোগ করেন, তার বাবাকে অমানবিক পরিবেশে বন্দি করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে বিরোধপূর্ণ। তিনি বলেন, ইমরান খান প্রায় এক হাজার দিন ধরে কারাগারে আছেন এবং তাকে একাকী সেলে রাখা হয়েছে, যা মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য ব্যবহৃত হয়।

কাসিম আরও জানান, কারাবন্দি অবস্থায় তার বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। সাম্প্রতিক চিকিৎসা প্রতিবেদনে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পাকিস্তানে ভিন্নমত দমনের জন্য পরিকল্পিতভাবে অভিযান চালানো হচ্ছে। কাসিম বলেন, “এটি শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধ নয়, বরং ভিন্নমতকে দমন করার একটি সংগঠিত প্রবণতা।”

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে কাসিম বলেন, তারা যেন দ্রুত হস্তক্ষেপ করে ইমরান খানসহ সকল রাজনৈতিক বন্দির মুক্তি নিশ্চিত করেন।

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে আছেন। গত বছর দুর্নীতির মামলায় তাকে ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছেন। এর আগে, তার শারীরিক অবস্থার প্রতি উদ্বেগ জানিয়ে সাবেক ক্রিকেটারদের একটি দল পাকিস্তান সরকারের কাছে মানবিক আচরণের দাবি জানিয়েছিল।

রাজনীতিতে যোগ দেওয়ার আগে ইমরান খান ১৯৯২ সালে পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপে জয়ী করেছিলেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ