অর্থ বাণিজ্য ডেস্ক
দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল ক্রয় না করার জন্য সতর্ক করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় তেল ক্রয় করে চলেছে। ফলে দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই।
বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান উল্লেখ করেন, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। ব্যক্তিগতভাবে এই ধরনের তেল মজুদ করা বিপজ্জনক। যারা অতিরিক্ত লাভের আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে দেশের প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট কার্যক্রম চালু রয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে অবৈধ মজুদদারদের দ্রুত সনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকার এখনও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। তাই সাধারণ জনগণকে সঠিক তথ্যের ভিত্তিতে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে এবং অবৈধ মজুদে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও জনগণের মধ্যে সঠিক তথ্য পৌঁছানো জরুরি, যাতে তেলের বাজারে অযথা চাপ সৃষ্টি না হয় এবং লং টার্মে মূল্য স্থিতিশীল থাকে।


