অর্থ বাণিজ্য ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, চলতি ২০২৫-২০২৬ করবর্ষে ৫০ লাখের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন। রোববার (২৯ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
এনবিআর জানিয়েছে, চলতি করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে বাধ্য। রিটার্ন দাখিলের সময়সীমা তিন দফা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে ৫ হাজারের বেশি আবেদন সংস্থায় জমা পড়েছে। ব্যক্তি করদাতারা লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানোর অনুমোদন দিতে পারেন।
জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে সময় বৃদ্ধির আবেদন প্রক্রিয়াকে সহজ, দ্রুত, স্বচ্ছ ও সুবিধাজনক করার জন্য ‘Time Extension’ মেন্যু চালু করেছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে এই মেন্যুর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারছেন। মো. আল আমিন শেখ জানান, সাম্প্রতিক দিনে পাঁচ হাজারের বেশি করদাতা অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করেছেন এবং বেশিরভাগেরই আবেদন স্বল্পসময়ের মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
এনবিআর জানিয়েছে, অনলাইনে দাখিল করা আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর কমিশনাররা আবেদন অনলাইনে অনুমোদন করছেন। সময় বৃদ্ধি অনুমোদিত হলে করদাতা বর্ধিত সময়ের মধ্যে কোনও জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। যারা এখনো রিটার্ন দাখিল করেননি, তারা ৩১ মার্চের মধ্যে আবেদন করলে বর্ধিত সময়ের সুবিধা নিতে পারবেন।
ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না থাকলে করদাতাদের অবশ্যই নিজের নামের বায়োমেট্রিক সিম ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।
সংস্থাটি আরও জানিয়েছে, জরিমানা বা অতিরিক্ত কর এড়াতে সব ব্যক্তি করদাতাকে ৩১ মার্চের মধ্যে ই-রিটার্নের মাধ্যমে রিটার্ন দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তবে কেউ উক্ত সময়ের মধ্যে দাখিল করতে না পারলে যৌক্তিক কারণ উল্লেখ করে সর্বোচ্চ ৯০ দিনের সময় বৃদ্ধির আবেদন অনলাইনে ৩১ মার্চের মধ্যে দাখিল করতে পারবেন।


