বাংলাদেশ ডেস্ক
রাজশাহীসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর এবং সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি.এম. সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর জেলায় একই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব (সচিব) মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবান জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসকরা জেলা পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে প্রশাসনিক কার্যক্রম সমন্বয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে থাকেন। একই সঙ্গে তারা জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের দায়িত্বও পালন করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ প্রদান করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় এ ধরনের পদায়ন নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের নেতৃত্বে সংশ্লিষ্ট জেলাগুলোতে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সমন্বয় আরও জোরদার হবে। বিশেষ করে স্থানীয় প্রশাসনের কার্যকর তদারকি ও সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় এ পদায়নকে প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম।


