জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সোমবার দুপুর ১২টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটের মাধ্যমে তার মরদেহ দেশে আনা হয়।

পরিবারের বরাতে জানা গেছে, ২১ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল এবং চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। অধ্যাপক দিলারা হাফিজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অধ্যাপক দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মা করিমুন্নেছা খাতুন চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬৮ সালে ইতিহাস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তার কর্মজীবন শুরু হয় সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে। পরে তিনি সোহরাওয়ার্দী কলেজ এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্যরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং কর্মকর্তা-কর্মচারীরা।

জাতীয় শীর্ষ সংবাদ