শিক্ষা ডেস্ক
সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির বাজেট শাখা থেকে জারি করা আদেশে এ অতিরিক্ত অর্থ ব্যয়ের অনুমোদন ও মঞ্জুরি প্রদান করা হয়েছে।
এই বরাদ্দ ব্যবহার করে বিদ্যালয়গুলো প্রশাসনিক ব্যয়, অবকাঠামো মেরামত, সরঞ্জাম ক্রয় এবং পূর্ববর্তী অর্থবছরের বকেয়া পাওনা পরিশোধ করতে পারবে। মাউশি জানিয়েছে, বরাদ্দের আওতায় বিদ্যালয়গুলো ২০২৪-২৫, ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরের বকেয়া পরিশোধ করতে সক্ষম হবে।
অর্থ বরাদ্দের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক ব্যয়, জ্বালানি (পেট্রল, অয়েল ও লুব্রিকেন্ট), ভ্রমণ ও বদলি ভাতা, মুদ্রণ ও মনিহারি, সাধারণ সরবরাহ ও কাঁচামাল এবং যন্ত্রপাতি ও সরঞ্জামাদি। আদেশে নির্দেশ দেওয়া হয়েছে, সদ্য সরকারি হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা মাউশির পূর্বানুমোদন ছাড়া কোনো বকেয়া বেতন বা ভাতা উত্তোলন করতে পারবেন না।
এছাড়া আদেশে বলা হয়েছে, শ্রান্তিবিনোদন ছুটি প্রদান সংক্রান্ত ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরা তাদের অধীনস্থদের ছুটি অনুমোদন করবেন এবং প্রতিষ্ঠান প্রধানদের ছুটি মঞ্জুর করার দায়িত্ব থাকছে শিক্ষা অধিদপ্তরের। বরাদ্দের অর্থ ব্যয়ে সরকারি সব আর্থিক বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণের নির্দেশও দেওয়া হয়েছে।
মাউশি আরও জানিয়েছে, বরাদ্দের অর্থ ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম বা অসঙ্গতি দেখা দিলে সংশ্লিষ্ট ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। একই সঙ্গে, আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে বরাদ্দের অব্যয়িত বা উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


