জগন্নাথ প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এ, বি, সি, ডি ও ই ইউনিটের পঞ্চম পর্যায়ের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ২ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ ও নির্ধারিত ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে।
পাশাপাশি, ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা থাকা দিনগুলোতে সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করার জন্য স্লিপ সংগ্রহ করতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি ফি ব্যবহারিক ক্লাসসহ ১২ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজনেস স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ভর্তি ফি ১০ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা এবং চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা নির্ধারিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, এই ধাপের ভর্তি কার্যক্রমের পরে যদি কোনো আসন শূন্য থাকে, তবে পরবর্তী সময়ে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে আবেদন ও ফি জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


