শিক্ষা ডেস্ক
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে কেন্দ্র সচিবদের জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জারি করা এ নির্দেশনায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার পরীক্ষার প্রতিটি ধাপে কঠোরভাবে বিধি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
নির্দেশনা অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের নির্ধারিত সিলেবাস অনুযায়ী এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে হবে।
প্রশ্নপত্র সংরক্ষণ, যাচাই ও বিতরণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের সৃজনশীল ও বহুনির্বাচনী অংশ পৃথকভাবে সিকিউরিটি খামে প্যাকেট করে তারিখ, বিষয় কোড ও সেট কোড স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কোনো ত্রুটি হলে তা কেন্দ্র সচিবের দায়িত্বে অবহেলা হিসেবে বিবেচিত হবে।
পরীক্ষার দিন ট্রেজারি থেকে নির্ধারিত সেটের প্রশ্নপত্র গ্রহণ, নিরাপত্তা নিশ্চিত করে কেন্দ্রে আনা এবং মোবাইল ফোনে প্রাপ্ত সেট কোড যাচাইয়ের পর প্যাকেট খোলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সেট কোড ব্যতীত অন্য কোনো সেটে পরীক্ষা গ্রহণ করলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অব্যবহৃত প্রশ্নপত্র অক্ষত অবস্থায় বোর্ডে জমা দিতে হবে।
পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ এসব ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্র সচিব প্রয়োজন হলে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
পরীক্ষা কক্ষে শৃঙ্খলা রক্ষায় প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ এবং প্রতিটি কক্ষে অন্তত দুইজন পরিদর্শকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। আসন বিন্যাসের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—পাঁচ বা ছয় ফুট বেঞ্চে দুইজন এবং চার ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসবে।
নকল প্রতিরোধে বোর্ড থেকে সরবরাহকৃত পোস্টার দৃশ্যমান স্থানে টানানোর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের বাইরে অপ্রয়োজনীয় ভিড় ও জটলা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও হ্যান্ড মাইক ব্যবহারের কথাও বলা হয়েছে।
উত্তরপত্র ব্যবস্থাপনায়ও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। ত্রুটিপূর্ণ উত্তরপত্র সরবরাহ করা যাবে না এবং প্রতিটি বিষয়ের উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে। পুরাতন ও নতুন সিলেবাসের উত্তরপত্র একত্রে প্যাকেট করা নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী উত্তরপত্র বোর্ডের স্ক্রিপ্ট রুমে সিলগালাকৃত অবস্থায় জমা দিতে হবে।
পরীক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হাজিরা শিটে স্বাক্ষর গ্রহণ এবং অনুপস্থিতদের ক্ষেত্রে নির্দিষ্টভাবে লাল কালি দিয়ে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীর প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ডে কোনো ত্রুটি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা সংশোধনের ব্যবস্থা নিতে হবে।
এছাড়া পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে হবে এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
শিক্ষা বোর্ডের এই নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


