বাংলাদেশে বন্যা ও দুর্যোগ মোকাবিলায় বিস্তৃত প্রস্তুতি

বাংলাদেশে বন্যা ও দুর্যোগ মোকাবিলায় বিস্তৃত প্রস্তুতি

জাতীয় ডেস্ক

দেশের বন্যাপ্রবণ ৪৩টি জেলা ও ২৫৮টি উপজেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে এবং আরও ১২৮টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, এই পদক্ষেপের মধ্যে রয়েছে বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দ্রুত এবং কার্যকর সাড়া দেওয়ার জন্য উপযুক্ত অবকাঠামো এবং সরঞ্জামাদি স্থাপন।

মন্ত্রী জানান, বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া সারাদেশে ১১৫টি দুর্যোগ আশ্রয়কেন্দ্র ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে এবং আরও ১২২টি নির্মাণাধীন।

দুর্যোগকালীন সময়ে দ্রুত যাতায়াত নিশ্চিত করতে ইতোমধ্যেই দেশব্যাপী ১২ হাজার ২৪৫টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে এবং আরও ২ হাজার ৩৬টি নির্মাণ করা হবে। এ ছাড়া ৬ হাজার ৭৮৮ কিলোমিটার এইচবিবি রাস্তা ইতোমধ্যেই নির্মিত হয়েছে এবং আরও ১ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির জন্য ১২টি জেলার ৩৫টি উপজেলায় টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, রেডিও সেট, ১২টি রেসকিউ বোট এবং ৪১৩টি শ্যালো ওয়াটার রিসার্চ বোট ক্রয় করা হবে।

ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ১১টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার ক্রয় করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে প্রদান করা হয়েছে। এছাড়া তিনটি ফর্কলিফ্ট, ২০ টনের তিনটি ডোজার এবং ৪৮ টনের তিনটি ডোজার আর্মড ফোর্সেস ডিভিশনকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সরকার দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর করতে অগ্নিনির্বাপক সরঞ্জামাদি, তাবু, এয়ার বোট, স্পিড বোট, ইমারজেন্সি রেসপন্স ভেহিকল, সার্চ অ্যান্ড রেসকিউ ইকুইপমেন্ট, টেলিযোগাযোগ সরঞ্জামাদি ক্রয় করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আর্মড ফোর্সেস ডিভিশন, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশে বিতরণ করবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, এসব প্রস্তুতি দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করবে এবং দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব কমাতে সহায়তা করবে।

জাতীয় শীর্ষ সংবাদ