অর্থ বাণিজ্য ডেস্ক
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার লক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি অফিসের নতুন কর্মঘণ্টা নির্ধারণ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন সময়সূচি অনুযায়ী, রবিবার (৫ এপ্রিল) থেকে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চালু থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবা এই সময়সূচির বাইরে পরিচালিত হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা নির্ধারণ করা হয়েছে। ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দায়িত্ব প্রদান করা হয়েছে বাংলাদেশ ব্যাংককে। এছাড়া আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
এদিকে, বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আলাদা নির্দেশনা প্রদানের প্রস্তুতি চলছে। মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় আগামী রবিবার থেকে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করবে। লক্ষ্য থাকবে যাতে শিক্ষাকর্ম কার্যক্রমে ব্যাঘাত না ঘটে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার প্রস্তাব ছিল। এর মধ্যে জোড় ও বিজোড় দিনের ভিত্তিতে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর পাঠদান করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। অনলাইন ক্লাসে শিক্ষকেরা অবশ্য উপস্থিত থেকে পাঠদান করবেন। ব্যবহারিক ও ল্যাব সংক্রান্ত ক্লাসসমূহ সশরীরে পরিচালিত হবে।
সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, আদালত, শিল্প ও অন্যান্য সেবা সংস্থাগুলোকে কর্মঘণ্টা সমন্বয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা অফিস ও শিক্ষা কার্যক্রমে সময়সূচি সমন্বয়ের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা তৈরি করবে।


