তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্বে নিউ মিডিয়ার দ্রুত প্রসার বাংলাদেশের জন্য পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে। তিনি জানান, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতে দুই দেশের গণমাধ্যম খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা হবে।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে সৌজন্য সাক্ষাতে যান। এসময় দুই পক্ষ পারস্পরিক সম্পর্ক জোরদার এবং গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাতের শুরুতে হাইকমিশনার জহির উদ্দিন স্বপনকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। আলোচনায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়, বিশেষ করে শিল্পী ও অভিনয়শিল্পীদের পারস্পরিক সফর ও যৌথ প্রযোজনার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাতে পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগের আওতায় বিজ্ঞানভিত্তিক শিক্ষায় শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে দুই পক্ষ একমত হন।
হাইকমিশনার তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানান এবং এই ধরনের সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


