স্বাস্থ্য ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে হাম নিয়ন্ত্রণের জন্য আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে। তিনি বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে দেশের হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি নোটিশের জবাবে এই তথ্য জানান।
সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা হামের প্রাদুর্ভাব মোকাবিলায় পদক্ষেপের জন্য সরকারের মনোযোগ আকর্ষণ করলে, স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হামের টিকার মজুদ পর্যাপ্ত এবং স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, “২ কোটি ১৯ লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করা হয়েছে এবং আরও মজুদ রয়েছে। কোল্ড চেইন রক্ষা করা হচ্ছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে।”
মন্ত্রী জানান, দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টিকাসমূহ সরাসরি ইউনিসেফ থেকে সংগ্রহ করা হয়েছে, টেন্ডার প্রক্রিয়া এড়িয়ে। ইতিমধ্যেই ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এক ভায়ালে ১০ ডোজ টিকা দেওয়া যায়।
স্বাস্থ্যমন্ত্রী সংসদে আরও বলেন, “আওয়ামী লীগ ও পূর্ববর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছিল, তবে বর্তমান সরকার তা কাটিয়ে উঠছে। হামের টিকা নিয়ে কোনো সংকট নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা সম্ভব হয়েছে।”
তিনি জনগণকে অযথা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, টিকাদান কার্যক্রম পর্যায়ক্রমে এবং পরিকল্পিতভাবে চালানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী সংসদে আরও উল্লেখ করেন, যারা গত নয় মাস ধরে বেতন পাচ্ছেন না, তাদের বেতন পরিশোধের কার্যক্রমও শুরু হয়েছে এবং অন্যান্য প্রশাসনিক সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এনিয়ে স্বাস্থ্য অধিদপ্তরও প্রস্তুতি সম্পন্ন করেছে। হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় শিশুদের টিকাদান কার্যক্রম দ্রুত এবং সুনিশ্চিতভাবে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।


