আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

আইন আদালত ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায়ে দণ্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন এএসআই (সশস্ত্র) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।

এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন তৎকালীন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ওরফে নয়ন এবং এসআই বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

মামলার নথি অনুযায়ী, জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রংপুরে সংঘর্ষ চলাকালে আবু সাঈদ নিহত হন। ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করে, যার মধ্যে প্রত্যক্ষদর্শীর বয়ান, ভিডিওচিত্র এবং ফরেনসিক প্রতিবেদন অন্তর্ভুক্ত ছিল। ট্রাইব্যুনাল এসব প্রমাণ পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

বিস্তারিত আসছে…

আইন আদালত শীর্ষ সংবাদ