অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, মালয়েশিয়ার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে বিশেষ বিবেচনার অনুরোধ জানানো হয়েছে এবং এ বিষয়ে মালয়েশিয়া সরকার নীতিগতভাবে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।
রবিবার সচিবালয়ে মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, সফরকালে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে ডিগ্রি ও সার্টিফিকেটের পারস্পরিক স্বীকৃতি, সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও এ ধরনের সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে তিনি উল্লেখ করেন।
মাহদী আমিন বলেন, দুই দেশের শিক্ষা খাতে বহুমুখী সহযোগিতা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে একটি যৌথ প্ল্যাটফর্ম গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত কার্যক্রম এবং একাডেমিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
তিনি আরও জানান, তিন দিনের সফরে মালয়েশিয়ার বিভিন্ন উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনায় প্রধান গুরুত্ব দেওয়া হয় নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন প্রক্রিয়া, কর্মসংস্থান ব্যয় হ্রাস এবং শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যয় কমিয়ে আরও বেশি মানুষকে কাজের সুযোগ দেওয়ার বিষয়টি আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল।
মাহদী আমিন উল্লেখ করেন, মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশি পক্ষের সঙ্গে চলমান আলোচনায় অভিবাসন প্রক্রিয়া ও ব্যয় হ্রাসের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতে যৌথভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
জনশক্তি রপ্তানির ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক প্রেরণের প্রাথমিক উদ্যোগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হয়। পরবর্তীতে প্রবাসী শ্রমিকদের কল্যাণে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীদের অবদান বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রবাসী কল্যাণ কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ সম্প্রতি বাস্তবায়িত হয়েছে এবং ভবিষ্যতে প্রবাসী কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রবাসী নাগরিকদের সেবা ও কল্যাণ কার্যক্রম আরও সহজ করার লক্ষ্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার বিভিন্ন দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষ জনশক্তিকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করছে। পাশাপাশি প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা এবং সেবা সহজীকরণের বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
মাহদী আমিন রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, জনশক্তি রপ্তানি ও অভিবাসন ব্যবস্থাপনা উন্নয়নে একটি সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণ এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে ধারাবাহিক আলোচনা অব্যাহত রয়েছে।
সফরের বিষয়ে তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।


