অপরাধ ডেস্ক
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার ঢাকার সিআইডি সদর দফতরে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত ২৮ জুন ২০২৬ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এনএসআইয়ে দায়িত্ব পালনকালেই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।
নবাগত সিআইডি প্রধান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিন দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি সিআইডির সদর দফতর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণ ও কারিকুলাম উন্নয়নে ভূমিকা রাখেন। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাব, পুলিশ সদর দফতর এবং বিভিন্ন রেঞ্জে অপরাধ তদন্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ, প্রশিক্ষণ ও প্রশাসনিক ব্যবস্থাপনায় তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।
শিক্ষাজীবনে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন তিনি। সিআইডির মতো বিশেষায়িত ও প্রযুক্তি নির্ভর সংস্থায় তার অভিজ্ঞতা তদন্ত কাজ এবং অপরাধ সনাক্তকরণে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন প্রধানকে স্বাগত ও শুভেচ্ছা জানান।


