বিনোদন ডেস্ক
মার্কিন পপ তারকা ও অভিনেত্রী মাইলি সাইরাস পুনরায় অভিনয়ে ফেরা এবং ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনার ইচ্ছা প্রকাশ করেছেন। ওয়ান্ডারল্যান্ড ম্যাগাজিনে অভিনেত্রী ড্যারিল হানার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছার কথা জানান। তবে অভিনয়ে ফেরার আগে ভক্তদের কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ বর্তমানে তিনি তার দশম স্টুডিও অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
মাইলি সাইরাস কলাম্বিয়া রেকর্ডসের সঙ্গে সম্পর্ক শেষ করে আটলান্টিক রেকর্ডসের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। তার আসন্ন দশম অ্যালবামে মোট ১০টি গান থাকবে। সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বাগদত্তা সাইরাস এই অ্যালবামটিকে একটি ‘প্রেমের গল্প’ এবং নিজের জীবনের প্রতিচ্ছবি হিসেবে বর্ণনা করেছেন। ২০২৫ সালের মে মাসে তার নবম স্টুডিও অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’ প্রকাশিত হয়েছিল।


