অর্থ বাণিজ্য ডেস্ক
রাজধানীতে আগামী ১২ থেকে ১৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের আবাসন খাতের অন্যতম বৃহৎ প্রদর্শনী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’। চার দিনব্যাপী এই মেলায় দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি, আবাসনসংশ্লিষ্ট সংযোগশিল্প এবং গৃহঋণ প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।
গত ২৭ জুলাই বিকেলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর কার্যালয়ে প্রেস অ্যান্ড মিডিয়া সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় ফেয়ারের সময়সূচি ও পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। সংস্থাসূত্রে জানা গেছে, রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই প্রদর্শনীতে দর্শনার্থীরা একই প্রাঙ্গণে ফ্ল্যাট ও প্লট ক্রয়, গৃহঋণ সুবিধা এবং সংক্রান্ত বিনিয়োগ রূপরেখা সম্পর্কে সম্যক ধারণা ও সেবা পাবেন।
সভায় রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল বলেন, “পরিকল্পিত নগরায়ণ, আবাসন খাতের টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছাতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।” তথ্যভিত্তিক যোগাযোগের মাধ্যমে আবাসন খাতের ইতিবাচক প্রভাব তুলে ধরতে মিডিয়া কমিটিকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মিডিয়া কমিটির প্রধান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গণমাধ্যমের সঙ্গে দ্বিপাক্ষিক সমন্বয় জোরদার, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি, তথ্যভিত্তিক প্রচার এবং আবাসন খাত সংক্রান্ত যেকোনো বিভ্রান্তি নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
খাতসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের পাশাপাশি সার্বিক অর্থনীতিতে গতিশীলতা আনতে এই প্রদর্শনী বড় ভূমিকা রাখবে। বিশেষ করে কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং সুদের হারের ওঠানামার প্রভাবে স্থবির হয়ে পড়া আবাসন বাজারে এই সামার ফেয়ার নতুন বিনিয়োগ আকর্ষণে সহায়কের ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম. ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেন। সভায় নেতৃবৃন্দ প্রদর্শনীকে সফল ও ফলপ্রসূ করতে প্রচার-প্রচারণা জোরদার এবং গণমাধ্যমের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার জন্য সুনির্দিষ্ট সুপারিশ পেশ করেন।


