মালয়েশিয়া শ্রমবাজার: আগস্টের শেষ সপ্তাহে বোয়েসেলের মাধ্যমে কর্মী গমন শুরু

মালয়েশিয়া শ্রমবাজার: আগস্টের শেষ সপ্তাহে বোয়েসেলের মাধ্যমে কর্মী গমন শুরু

অর্থ ও বাণিজ্য ডেস্ক

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে পুনরায় কর্মী পাঠানো শুরু হতে যাচ্ছে। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে স্বল্প খরচে নতুন কর্মীরা মালয়েশিয়ায় গমনের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উপদেষ্টা মাহদী আমিন জানান, বন্ধ থাকা শ্রমবাজার উন্মুক্ত করা এবং কর্মী প্রেরণের প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চপর্যায়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সরকার শ্রমবাজারকে সম্পূর্ণ সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর। সাধারণ ও প্রান্তিক কর্মীরা যেন ন্যূনতম খরচে এবং নিরাপদে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় যেতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনিক ও নীতিগত তদারকি জোরদার করা হয়েছে।

উভয় দেশের এই কূটনৈতিক সমঝোতার ফলে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি দেশের বেকারত্ব হ্রাসে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর সিদ্ধান্ত প্রবাস গমনাভিলাষীদের অতিরিক্ত অভিবাসন ব্যয়ের ঝুঁকি কমাবে এবং রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখবে। প্রমিত অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত হওয়ায় সাধারণ কর্মীদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ