অর্থ ও বাণিজ্য ডেস্ক
দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে উপস্থাপন করা প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি (৩) এর দফা (ক) অনুসরণ করে এই এলএনজি কেনা হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ থেকে ১৬ আগস্টের মধ্যে ৪২তম কার্গোটি দেশে পৌঁছানোর কথা রয়েছে।
আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় সর্বনিম্নে দরদাতা হিসেবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে নির্বাচন করা হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে এই এলএনজি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এতে সরকারের মোট ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা ব্যয় হবে, যার মধ্যে অগ্রিম আয়কর অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমানে দেশের শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং আবাসিক খাতে গ্যাসের তীব্র সংকট বিদ্যমান। স্থানীয় উৎস থেকে গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে আসন্ন আগস্ট মাসে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে এবং সাময়িকভাবে জ্বালানি সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।


