চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজের জন্মদিনের তারিখ জানা না থাকা নিয়ে আলোচনা ও ভক্তদের উদ্দেশ্যে ধানুশের প্রতিক্রিয়া

চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজের জন্মদিনের তারিখ জানা না থাকা নিয়ে আলোচনা ও ভক্তদের উদ্দেশ্যে ধানুশের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ধানুশের একটি সাম্প্রতিক বক্তব্য কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ৪৩তম জন্মদিন উপলক্ষে তামিলনাড়ুর চেন্নাইয়ে ভক্তদের উদ্যোগে আয়োজিত একটি রক্তদান কর্মসূচিতে তিনি নিজের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে জানান, চতুর্থ শ্রেণিতে পড়ার আগ পর্যন্ত তিনি নিজের জন্মদিনের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে অবগত ছিলেন না।

অনুষ্ঠানে ধানুশ স্মৃতিচারণ করে বলেন, শৈশবে বিদ্যালয়ে সহপাঠীদের জন্মদিনে বর্ণিল পোশাকে উপস্থিত হতে এবং চকোলেট বিতরণ করতে দেখে তাঁরও অনুরূপ উদযাপনের ইচ্ছা হতো। কিন্তু জন্ম তারিখ না জানার কারণে তিনি তা উদযাপন করতে পারতেন না। পরবর্তীতে তাঁর বোন বাবা-মায়ের কাছ থেকে তথ্য নিয়ে তাঁকে জানান যে ২৮ জুলাই তাঁর জন্মতারিখ। ধানুশ আরো উল্লেখ করেন, তাঁদের পরিবারে কেবল দীপাবলি ও পঙ্গল উৎসব উপলক্ষেই নতুন পোশাক কেনার রীতি ছিল। বহু অনুরোধের পর তিনি পরিবারকে একটি রঙিন পোশাক ও কিছু চকোলেট কিনে দিতে রাজি করিয়েছিলেন। সেদিন স্কুলে গিয়ে চকোলেট বিতরণের মাধ্যমে তিনি আনন্দ লাভ করেন, তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জন্মদিনের উৎসব ঘিরে তাঁর সেই আগ্রহ স্তিমিত হয়ে এসেছে বলে জানান।

অভিনেতার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তামিল চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক কস্তুরী রাজার সন্তান হওয়ার পরও চতুর্থ শ্রেণি পর্যন্ত জন্মদিনের তারিখ না জানার দাবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন। ইতিপূর্বে ‘ইডলি কাদাই’ চলচ্চিত্রের প্রচারণা চলাকালেও শৈশবের আর্থিক সীমাবদ্ধতা ও সংগ্রামের যে বর্ণনা তিনি দিয়েছিলেন, তা নিয়েও অনুরুপ আলোচনা হয়েছিল।

চলচ্চিত্র জীবন ও ভবিষ্যতের কাজের দিক থেকে বর্তমানে ধানুশ বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। তাঁর আসন্ন চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ওএম অধ্যায় ১ – উধিরাম: দ্য ব্লাড উড’ এবং ‘থামিঝ মুরুগান’ উল্লেখযোগ্য।

বিনোদন শীর্ষ সংবাদ