জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কূটনৈতিক ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম নিউইয়র্ক সফর। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটিই সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, এবারের সফরটি সংক্ষিপ্ত হলেও আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর রওনা হয়ে নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। আগামী ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর তিনি দেশের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রীর এই সরকারি প্রতিনিধিদলে সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না বলে জানা গেছে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে একটি ভিন্ন মাত্রার গুরুত্ব বহন করছে। ৮১তম এই অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আন্তর্জাতিক বহুপক্ষীয় মঞ্চে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের এই অংশ গ্রহণ এবং একই সঙ্গে অধিবেশনের সভাপতিত্ব করার বিষয়টিকে বৈশ্বিক দরবারে দেশের ভূমিকা শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আয়োজিত একটি আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এর পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁর একাধিক দ্বিপাক্ষিক এবং সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং বৈশ্বিক নানা সংকট নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নিউইয়র্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের আয়োজনে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন তিনি।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘পারস্পরিক আস্থা পুনর্গঠন, দ্রুত পরিবর্তন মোকাবিলা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তোলা’। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই প্রতিপাদ্যকে বৈশ্বিক বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করার এক বিশেষ আহ্বান হিসেবে অভিহিত করেছেন। বিশ্বব্যাপী চলমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জলবায়ু পরিবর্তনের মতো সংকটগুলোর মুখে এই সম্মেলনকে আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করা হচ্ছে।

অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান বিশ্বমঞ্চে শান্তি ও উন্নয়নের স্বার্থে ছয়টি প্রধান অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করেছেন। এগুলো হলো—আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের গতি ত্বরান্বিত করা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা, সার্বজনীন মানবাধিকার রক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) উদীয়মান প্রযুক্তির বৈশ্বিক শাসনব্যবস্থা নিশ্চিতকরণ এবং জাতিসংঘের প্রাতিষ্ঠানিক সংস্কার। বিশেষ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে প্রতিরোধমূলক কূটনীতি, টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতপূর্ণ এলাকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে।

এ ছাড়া বৈশ্বিক উন্নয়ন অর্থায়নের বিপুল ঘাটতি হ্রাস, বিশ্বজুড়ে ‘গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট’ বাস্তবায়ন এবং জাতিসংঘকে আরও আধুনিক ও কার্যকর সংস্থায় পরিণত করার বিষয়েও ৮১তম অধিবেশনে নিবিড় আলোচনা হবে।

জাতিসংঘের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর থেকে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব শুরু হবে। এই বিতর্ক পর্ব চলবে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ে বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধানরা নিজ নিজ দেশের পক্ষ থেকে বক্তব্য প্রদান করবেন এবং বৈশ্বিক পরিস্থিতির ওপর দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

সাধারণ বিতর্কের প্রধান আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকবে বিদ্যমান আন্তর্জাতিক যুদ্ধ ও সংঘাত নিরসন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, মানবাধিকার লঙ্ঘন রোধ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সংকটের যৌথ সমাধান এবং চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলা। জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্বশান্তি, উন্নয়ন ও আন্তর্জাতিক আইন বাস্তবায়নে বিশ্বমঞ্চের সর্ববৃহৎ এবং সর্বাধিক প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়, যেখানে প্রতিটি সদস্য রাষ্ট্র সমমর্যাদায় আন্তর্জাতিক নীতি নির্ধারণে ভূমিকা রাখার সুযোগ পায়।

জাতীয় শীর্ষ সংবাদ