অনিয়মের নতুন অভিযোগে চাপের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

অনিয়মের নতুন অভিযোগে চাপের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

খেলাধুলা ডেস্ক
বিশ্বকাপ বেসরকারিকরণের বিতর্কিত প্রস্তাব এবং উয়েফায় থাকাকালীন ব্যক্তিগত আর্থিক অনিয়মের জোড়া অভিযোগে তীব্র রাজনৈতিক সংঙ্কটের মুখে পড়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা প্রধানের বিতর্কিত নীতি এবং সাম্প্রতিক ব্যক্তিগত কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ফুটবল প্রশাসন বর্তমানে ইউরোপ বনাম অন্যান্য মহাদেশীয় কনফেডারেশনগুলোর মধ্যে দ্বিখণ্ডিত হয়ে পড়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৬ মেয়াদে উয়েফার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে এক নারী সহকর্মীকে অর্থ প্রদান এবং প্রভাব খাটিয়ে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে ইনফান্তিনোর বিরুদ্ধে। উয়েফা কর্তৃপক্ষ অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করে জানিয়েছে, নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার অধীনে ওই কর্মীর উচ্চশিক্ষার খরচ বাবদ প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছিল, যা তৎকালীন নিয়ম মেনেই সম্পাদিত হয়। তবে ওই অর্থপ্রদানে ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রভাব ছিল কি না, তা নিয়ে আন্তর্জাতিক ফুটবলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
ফিফা সভাপতির দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করা হয়েছে। ইনফান্তিনোর মুখপাত্র জানান, উয়েফা বা ফিফায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আচরনবিধি লঙ্ঘনের কোনো প্রাতিষ্ঠানিক অভিযোগ কখনও ওঠেনি।
ব্যক্তিগত এই বিতর্কের আগেই বিশ্বকাপের স্বত্ব ও বাণিজ্যিক পরিচালনায় বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার একটি প্রস্তাব নিয়ে ফিফায় অভ্যন্তরীণ বিরোধ দেখা দেয়। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাসহ বেশ কয়েকটি শক্তিশালী দেশ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিশ্বমঞ্চে ফিফার ইভেন্টগুলো বর্জনের হুমকি দেয়। উদ্ভূত পরিস্থিতিতে ইনফান্তিনো পরবর্তীতে তার সিদ্ধান্তের জন্য প্রকাশ্যে ক্ষমা চান এবং মরক্কোতে অনুষ্ঠিত ফিফার সাম্প্রতিক নির্বাহী বৈঠকে নিজের পদ টিকিয়ে রাখতে সক্ষম হন।
বিশ্বকাপে বিনিয়োগ সংক্রান্ত মূল পরিকল্পনাটি বাতিল করা হলেও ইউরোপের ফুটবল সংস্থাগুলো এখনও তাদের কঠোর অবস্থান থেকে সরে আসেনি। তাদের মতে, স্বচ্ছতা ও কাঠামোগত সংস্কারের মূল দাবিগুলো এখনও বাস্তবায়ন করা হয়নি। অন্যদিকে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল), আফ্রিকান ফুটবল কনফেডারেশন (কাফ) সহ আর্জেন্টিনা ও মেক্সিকোর ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা সভাপতির নীতি ও নেতৃত্বের প্রতি তাদের আনুষ্ঠানিক সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এই মেরুকরণের ফলে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক ফুটবল কূটনীতি এবং ফিফার প্রশাসনিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে।
খেলাধূলা শীর্ষ সংবাদ