ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিকিৎসক সমাবেশ উদ্বোধন

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিকিৎসক সমাবেশ উদ্বোধন

জাতীয় ডেস্ক
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই সমাবেশের সূচনা করেন।
সমাবেশের আগে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি চারা রোপণ করেন। পরবর্তীতে জাতীয় সংগীত পরিবেশন ও মূল পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠান সুচনাপর্বে শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়।
চিকিৎসক সমাজে পেশাগত উৎকর্ষ সাধন এবং দেশের সাধারণ মানুষের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ নিয়ে ড্যাবের এই প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত হয়। অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য খাতের সংস্কার, চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা এবং আধুনিক চিকিৎসাসেবার প্রসারে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির শীর্ষস্থানীয় চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
জাতীয় শীর্ষ সংবাদ