দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক ডেস্ক

দ্বিপক্ষীয় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার কোনো সদস্যের এটিই প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।

রবিবার (৯ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রতিনিধিদলসহ তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সফরসূচি অনুযায়ী, আগামী ১২ আগস্ট পর্যন্ত তিনি সিঙ্গাপুরে অবস্থান করবেন।

সফরকালে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দ্বিপক্ষীয় কৌশলগত বিষয়াশয় নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত অভিজ্ঞতা পর্যালোচনার অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘পিএসএ ইন্টারন্যাশনাল’ এবং আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‘টুয়াসওয়ান’ পরিদর্শন করবেন। বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিকস এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন খাতে সম্ভাব্য সহযোগিতা বৃদ্ধিতে এ পরিদর্শন বিশেষ ভূমিকা রাখবে।

এছাড়া সিঙ্গাপুরে বসবাসরত প্রায় দেড় লাখ প্রবাসী বাংলাদেশির জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নতুন সরকারের শীর্ষ পর্যায়ের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), পোর্ট লজিস্টিকস, দক্ষ জনশক্তি রফতানি এবং টেকসই নবায়নযোগ্য জ্বালানি খাতের বাণিজ্যিক অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ