কক্সবাজারের মাতারবাড়ীতে বিদ্যুৎ প্রকল্প ও গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মাতারবাড়ীতে বিদ্যুৎ প্রকল্প ও গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থ বাণিজ্য ডেস্ক

কক্সবাজারের মহেশখালী উপজেলায় নির্মাণাধীন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্রবন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে তিনি প্রকল্পের অগ্রগতি ও সার্বিক বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে অংশ নেন। সরকারের অগ্রাধিকারভুক্ত জাতীয় অবকাঠামোগত এই মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

রবিবার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে মাতারবাড়ী প্রকল্প এলাকায় পৌঁছান। সেখানে পৌঁছে তিনি বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর এলাকার অবকাঠামোগত অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জাতীয় গ্রিডে সংযোগ, পরিবেশগত নিরাপত্তা এবং সমুদ্রবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালুর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প পরিচালকেরা। জাতীয় অর্থনীতিতে মাতারবাড়ী সমন্বিত উন্নয়ন অঞ্চলের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী প্রকল্পগুলোর নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেন।

এর আগে মাতারবাড়ী হেলিকপ্টার প্যাডে প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান। উচ্চপর্যায়ের এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে জানান, মহেশখালীর উন্নয়নমূলক কার্যক্রম পর্যবেক্ষণ ছাড়াও প্রধানমন্ত্রী এই সফরে চট্টগ্রামের বন্যাকবলিত অঞ্চলে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিচ্ছেন। মহেশখালী থেকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে সম্প্রতি বন্যায় প্লাবিত বাঁশখালী ও হাটহাজারী উপজেলার উদ্দেশ্যে রওনা হন। সেখানে বন্যাকবলিত ও ঘরবাড়ি হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে নির্মিত নতুন বসতঘরের চাবি হস্তান্তর করবেন তিনি।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র দেশের দক্ষিণাঞ্চলের সার্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্য সংযোগ বাড়াতে এই গভীর সমুদ্রবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা সম্ভব হবে, যা জাতীয় জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে আজ সকাল ৮টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর গুলশানের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সফরসঙ্গীদের নিয়ে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফর শেষে আজই তাঁর রাজধানীতে ফেরার কথা রয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ