জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা

তথ্য ও সম্প্রচার ডেস্ক

আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে সরকার। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যেই প্রতিবছর গড়ে পাঁচ কোটি করে গাছ লাগানোর এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

রবিবার (৯ আগস্ট) নগরীর বেলস পার্ক মাঠে বরিশাল বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি এ তথ্য জানান। অনুষ্ঠানে তিনি ফেস্টুন ও বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, পরিবেশগত বিপর্যয় রুখতে স্বল্পমেয়াদি বা বাহ্যিক উন্নয়ন নয়, বরং টেকসই ও পরিবেশবান্ধব দীর্ঘমেয়াদি রূপকল্প নিয়ে কাজ করছে সরকার। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি সংকটাপন্ন। এই সংকটের স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য আন্তর্জাতিক কাঠামোর পাশাপাশি জাতীয় পর্যায়ে বাস্তবমুখী উদ্যোগ নেওয়া অপরিহার্য।

জ্বালানি ব্যবহারের সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী আরও উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহার ও পরিবেশ দূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শক্তির ব্যবহারে দায়িত্বশীল না হলে ভবিষ্যে পরিস্থিতি বাসযোগ্যতার সীমা অতিক্রম করতে পারে। এই ধরনের ঝুঁকি থেকে প্রাকৃতিক পরিবেশ ও মানবজাতিকে সুরক্ষা দিতে সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ অভিযান কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারির স্টল ঘুরে দেখেন এবং সরবরাহ করা চারা গাছের গুণগত মান ও বৈচিত্র্য সম্পর্কে খোঁজখবর নেন। আয়োজকরা জানান, এবারের বরিশাল বিভাগীয় বৃক্ষমেলায় বিভিন্ন জেলা থেকে আগত মোট ৫০টি নার্সারি তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছে। পরিবেশপ্রেমী ও সাধারণ দর্শনার্থীদের জন্য মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দেওয়া এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

জাতীয় শীর্ষ সংবাদ