জাতীয় ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকের সূচনায় প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। সাক্ষাৎকালে হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরবর্তীতে দুই দেশের যৌথ স্বার্থসংশ্লিষ্ট নানা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের মূল গুরুত্ব ছিল দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক ও আইনি সম্পর্ক। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর আশা পুনর্ব্যক্ত করা হয়। একইসঙ্গে বহুল আলোচিত শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিরা যেন ভারতে আশ্রয় না পায় এবং তাদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে হস্তান্তর করা হয়, সেই অনুরোধও নতুন করে জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুই প্রতিবেশী দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একটি উপযুক্ত, ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। কূটনৈতিক সূত্র মতে, বিচারিক স্বচ্ছতা ও অপরাধীদের হস্তান্তরের মাধ্যমেই দুই দেশের পারস্পরিক ট্রাস্ট ও সহযোগিতার পরিবেশ সুগম হতে পারে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


