জাতীয় ডেস্ক
দেশের বিভিন্ন জাদুঘর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অংশ হিসেবে সপ্তাহে একদিন বিনামূল্যে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শনের সুযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে সরকারি ও বেসরকারি সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবে।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, এই উদ্যোগ কেবল জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরেই সীমাবদ্ধ থাকবে না। জাতীয় জাদুঘরসহ সংস্কৃতি এবং অন্যান্য মন্ত্রণালয়ের অধীন ঢাকা ও ঢাকার বাইরের সব জাদুঘরে সরকারি ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের পরিদর্শনের ব্যবস্থা করা হবে।
উপদেষ্টা আরও জানান, উদ্বোধনের পর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে প্রাথমিক কিছু প্রশাসনিক সংকট দেখা দিলেও বর্তমানে শৃঙ্খলার সঙ্গে পরিদর্শন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া এবং তাদের জাদুঘরমুখী করা।


