দ্বিতীয় বিয়ের খবর জানালেন অভিনেত্রী সোহানা সাবা

দ্বিতীয় বিয়ের খবর জানালেন অভিনেত্রী সোহানা সাবা

বিনোদন ডেস্ক
ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী সোহানা সাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দ্বিতীয় বিয়ের খবর নিশ্চিত করেছেন তিনি। তার স্বামীর নাম ফয়সাল, যিনি পেশায় একজন ব্যবসায়ী।
দীর্ঘ সাড়ে পাঁচ বছরের প্রেম ও সম্পর্কের পর প্রায় দেড় বছর আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার স্বার্থে বিয়ের সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করেননি সাবা। তবে নতুন সংসারে ভালো থাকার কথা উল্লেখ করে তিনি জানান, তার সন্তানও এই সিদ্ধান্তে খুশি।
এর আগে নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোহানা সাবা। ২০১৫ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর থেকে একমাত্র সন্তানকে নিয়েই জীবন পরিচালনা করছিলেন এই অভিনেত্রী।
ছোট পর্দার মাধ্যমে অভিনয় শুরু করলেও পরবর্তীতে বড় পর্দায় পরিচিতি পান সোহানা সাবা। কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করলেও মোরশেদুল ইসলাম পরিচালিত ‘খেলাঘর’ ছিল তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা। এরপর ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া ভারতীয় চলচ্চিত্র ‘ষড়্‌রিপু’ ও ‘এপার ওপার’-এও কাজ করেছেন এই অভিনেত্রী।
বিনোদন শীর্ষ সংবাদ