রাজনীতি ডেস্ক
মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত ও অবমূল্যায়ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত ‘বাংলাদেশি’ পরিচয়ই এ দেশের মানুষের মূল জাতীয় সত্তা। যারা সেদিন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের কোনো বীরত্বের ইতিহাস নেই; বরং তারা দালালির ইতিহাস সৃষ্টি করেছে। বর্তমানে সেই পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, দলটি অতীতেও স্বৈরাচার ও রাজনৈতিক সুবিধাবাদের সঙ্গে আপস করেছে। ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে তাদের আঁতাত এবং পরবর্তী সময়ে নানা পাতানো রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের ভূমিকা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষতি সাধন করেছে। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ও অংশ নেওয়া বীর সন্তানদের উত্তরসূরি হিসেবে বর্তমান প্রজন্মকে এসব রাজনৈতিক চক্রান্ত প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে সংগঠনটির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান সড়ক অতিক্রম করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো আঘাত সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। দেশের গণতান্ত্রিক ধারা ও স্থিতিশীলতা রক্ষা করতে হলে রাজনৈতিক দলগুলোকে ইতিহাস বিকৃতির পথ থেকে সরে আসার তাগিদ দেন তারা।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি জাহেদুল হক শামীম এবং সহসভাপতি ড. কে এম আই মন্টিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


