জাতীয় ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। ফলে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হয়ে যাবে। সংসদ ভবনে সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিদের পাশাপাশি নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ হুইপ এ কথা নিশ্চিত করেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৮ আগস্ট রাত পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে। ক্ষমতাসীন দলের প্রার্থীর নাম চূড়ান্ত হলে নির্ধারিত দিনে প্রধানমন্ত্রী তা ঘোষণা করবেন এবং মনোনয়নপত্র জমা দেবেন। প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
সংসদের মোট ৩৪৯ জন ভোটার তাদের নির্ধারিত আসন ও বিভক্তি নম্বর অনুযায়ী ভোট দেবেন। রাষ্ট্রপ্রধানসহ শীর্ষ ব্যক্তিদের ভোটদান, ব্যালট গণনা এবং চূড়ান্ত ফলাফল ঘোষণার প্রক্রিয়া সরাসরি গণমাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করা হবে।
অন্যদিকে, বিরোধী দলগুলোর পক্ষ থেকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদকে মনোনীত করা হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে চায় বিরোধী শিবির।
চিফ হুইপ আরও জানান, জুলাই সনদে ৭০ অনুচ্ছেদ সংক্রান্ত বিষয়ে ঐকমত্য থাকায় এই বিধান বহাল রেখে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা হচ্ছে। তবে পৃথক সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে তিনি জানান, ভারতের মতো সংসদীয় ব্যবস্থার আদলে প্রয়োজনীয় সংশোধনী এনে সংবিধান আধুনিকায়ন করা হবে। আগামী সংসদ অধিবেশনেই জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় নতুন বিল উত্থাপন করা হবে।


