সাকিব আল হাসান সরকারকে বেকায়দায় ফেলতে অপপ্রচার চালাচ্ছেন: তথ্য উপদেষ্টা

সাকিব আল হাসান সরকারকে বেকায়দায় ফেলতে অপপ্রচার চালাচ্ছেন: তথ্য উপদেষ্টা

জাতীয়  ডেস্ক
সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল বা অস্বস্তিতে ফেলতে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, দেশে প্রত্যাবর্তন এবং নিরাপত্তার বিষয়ে সাকিবের বক্তব্য বিভ্রান্তিকর ও রাজনৈতিক স্বার্থপ্রণোদিত।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফেরার বিষয়ে সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফিরলে তাঁর নিরাপত্তাহীনতায় ভোগার কোনো যৌক্তিক কারণ নেই। তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকারের অগণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর সক্রিয় অংশ ছিলেন উল্লেখ করে উপদেষ্টা তাঁকে ‘রাজনৈতিকভাবে দেউলিয়া’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সাকিব এখনো বিগত স্বৈরাচারী ব্যবস্থার দোসরদের সঙ্গে সম্পৃক্ত থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছেন।
বিমানবন্দরে নামলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার ঝুঁকি আছে কি না—এমন প্রশ্নে জাহেদ উর রহমান জানান, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে। সাকিবের বিরুদ্ধে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও ফৌজদারি মামলাগুলো সম্পূর্ণ আইন অনুযায়ী পরিচালিত হবে। যদি তিনি আইনি মুখোমুখি হতে প্রস্তুত থেকে দেশে ফেরেন, তবে রাষ্ট্রীয় আইনে তাঁর নিরাপত্তা বাধাগ্রস্ত হবে না।
প্রসঙ্গক্রমে তথ্য উপদেষ্টা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেশে ফিরলেও আইন অনুযায়ী তাঁকে পূর্ণ নিরাপত্তা ও বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। তবে দেশের জনগণ আর কোনো ফ্যাসিবাদী বা মাফিয়া শাসন ব্যবস্থার পুনরাবৃত্তি দেখতে চায় না।
জাতীয় শীর্ষ সংবাদ