ধর্ম ডেস্ক
পবিত্র ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব (সন্ধ্যা ৭টায়) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে এ সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হবে। বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা চাঁদ দেখা কমিটিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চাঁদ দেখার খবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করা যাবে। এছাড়া ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে টেলিফোন করে বা ফ্যাক্সের মাধ্যমে তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।
আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে শুক্রবার (১৪ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে এবং আগামী ২৫ আগস্ট (১২ রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে সফর মাস ৩০ দিন পূর্ণ করে শনিবার (১৫ আগস্ট) রবিউল আউয়াল মাস শুরু হবে; সেক্ষেত্রে ২৬ আগস্ট পালিত হবে ঈদে মিলাদুন্নবী (সা.)। হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে ১২ রবিউল আউয়াল বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


