সারাদেশ ডেস্ক
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় যাত্রীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি চেকপোস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), সান্ত্বনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)। আহতদের মধ্যে জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)-সহ তিনজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে রাঙামাটি শহর থেকে কৃষি পণ্যবাহী একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন ব্যবসায়ী কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। পিকআপটি মানিকছড়ি চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের ওপর উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মেঘরানী চাকমা, সান্ত্বনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা মারা যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহতদের মধ্যে শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। তবে চট্টগ্রাম নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সওকত আকবর খান জানান, হাসপাতালে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ও আহতরা সবাই স্থানীয় কৃষিপণ্য ব্যবসায়ী। ভোরে পণ্য নিয়ে বাজারে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, চালকের অসতর্কতা বা অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা কর্তৃপক্ষ।
পার্বত্য অঞ্চলের পাহাড়ি আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ সড়কে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয়রা বলছেন, ছোট পিকআপ বা অটোরিকশায় যাত্রী পরিবহন এবং পার্বত্য সড়কের সরু বাঁকগুলোতে চালকদের অতিরিক্ত সতর্কতার অভাব প্রায়ই প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানিকছড়ির এই দুর্ঘটনা এলাকাটিতে শোকের ছায়া ফেলেছে।


