জাতীয় ডেস্ক
কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের প্রতিটি উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য দেশের সাধারণ মানুষ ও গ্রামীণ জনগোষ্ঠীর সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নদী ও উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা মাছের পোনা বড় হয়ে ডিম ছাড়বে এবং তা বিভিন্ন খাল-বিলে ছড়িয়ে পড়বে। এতে দেশের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে এবং অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণ হবে। রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের সেবা উল্লেখ করে তিনি জানান, গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করতে সরকার নানামুখী টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করছে।
সরকারের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশ্রুত খাল খনন কর্মসূচি ইতোমধ্যে দেশব্যাপী শুরু হয়েছে। এতে কৃষকরা সেচ সুবিধা পাচ্ছেন এবং আশপাশের বাসিন্দাদের পানির সংকট দূর হচ্ছে। তবে কেবল খাল খননেই সীমাবদ্ধ না থেকে এসব জলাশয়ের পানি কৃষি ও মৎস্য উৎপাদনে যথাযথভাবে কাজে লাগাতে হবে। ব্রহ্মপুত্র নদের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের সব প্রধান নদী ও বড় খালে মাছের পোনা অবমুক্ত করা হবে।
দেশের সামগ্রিক অগ্রযাত্রায় নারী সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মোট জনসংখ্যার অর্ধেক নারীকে পেছনে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত ও দক্ষ মানবসম্পদে রূপান্তর করে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। নারী ও পুরুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব।
অনুষ্ঠানে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


