নারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’

জাতীয় ডেস্ক

রাজধানীর সড়কসহ দেশের প্রধান শহরগুলোতে নারীদের যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষায়িত ‘পিংক বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সম্পূর্ণ নারী চালক ও নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই বাস সার্ভিস মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীবান্ধব এ পরিবহন সেবা চালু করা হচ্ছে।

সোমবার বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটে মোট ১০টি বাস চলাচল করবে। একই সঙ্গে ঢাকার বাইরে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় নারীদের সুবিধা দিতে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাসসহ মোট চারটি বিশেষ বাস এ সেবায় যুক্ত হচ্ছে। নারীদের কর্মস্থলে যাতায়াত সহজ করা, ভিড়ভাট্টাপূর্ণ সাধারণ পরিবহনে নানা ধরনের হয়রানি বন্ধ করা এবং গণপরিবহনে নারীদের কাজের সুযোগ সম্প্রসারণ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারীদের জন্য চালু হওয়া এই বিশেষ সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে বিআরটিসি কর্তৃক বিশেষভাবে প্রশিক্ষিত নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন। এর ফলে যাত্রী হিসেবে যেমন নারীরা নিরাপদ পরিবেশ পাবেন, তেমনি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

রাজধানীর নির্ধারিত রুটসমূহ

রাজধানীর গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোকে প্রাধান্য দিয়ে বিআরটিসির বিভিন্ন ডিপোর অধীনে রুট নির্ধারণ করা হয়েছে:

  • মতিঝিল বাস ডিপো: এ ডিপোর অধীনে দুটি রুটে বাস চলবে। প্রথমটি নতুন বাজার (কোকাকোলা) থেকে যাত্রা শুরু করে উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। দ্বিতীয়টি তালতলা থেকে খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে পৌঁছাবে।

  • যাত্রাবাড়ী বাস ডিপো: ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত একটি বাস চলাচল করবে।

  • কল্যাণপুর বাস ডিপো: মিরপুর-১০ থেকে শুরু হয়ে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল রুটে একটি বাস পরিচালিত হবে।

  • মিরপুর বাস ডিপো: এ ডিপোর অধীনে দুটি রুটে সেবা দেওয়া হবে। মিরপুর-১২ থেকে মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল; এবং মিরপুর-১২ থেকে মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।

  • মোহাম্মদপুর বাস ডিপো: মোহাম্মদপুর থেকে শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল রুটে বিশেষ বাস চলবে।

  • জোয়ারসাহারা বাস ডিপো: আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল রুটে বাস চলাচল করবে।

  • গাজীপুর বাস ডিপো: গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশকোনা হয়ে বিমানবন্দর পর্যন্ত চলবে বিশেষ সার্ভিস।

জাতীয় শীর্ষ সংবাদ