সারাদেশ ডেস্ক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ সশস্ত্র হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত ক্যামেরাম্যান নজরুল ইসলাম শান্ত জানান, ঘটনার সময় তারা তিনটি মোটরসাইকেল এবং দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিওচিত্র ধারণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে তাদের লক্ষ্য করে আকস্মিক এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন এবং তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদ নামে দুজনকে তারা চিনতে পেরেছেন। এ সময় হামলাকারীরা রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ তুলে হত্যার হুমকি দিয়ে অস্ত্র প্রদর্শন করে বলেও আহতদের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা হারুন ও রায়হানের মধ্যে দীর্ঘদিনের পূর্ববিরোধ চলে আসছিল। ঘটনার রাতে প্রতিপক্ষ রায়হানের লোকজন ভেবে ভুল করে হারুন ও তার সহযোগীরা এই বর্বরোচিত হামলা চালায় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোন নম্বরগুলো বন্ধ পাওয়া যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে পেছন থেকে গুলি চালানো হয়, যার ফলে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


