একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

অর্থ ও বাণিজ্য ডেস্ক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মোট ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে যোগান দেওয়া হবে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা হিসেবে পাওয়া যাবে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৬টি সম্পূর্ণ নতুন উদ্যোগ এবং বাকি ৪টি পূর্বে অনুমোদিত প্রকল্পের সংশোধিত রূপ। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগ অবকাঠামো আধুনিকায়ন, নদীভাঙন রোধ, গ্রামীণ সড়ক পুনর্বাসন, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জাতীয় প্রতিরক্ষা অবকাঠামো জোরদারকরণ সংক্রান্ত খাতগুলোকে এই প্রকল্পগুলোতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী পুরনো স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও আধুনিক সুবিধাসহ পুনঃনির্মাণ প্রকল্প। অন্যটি হলো ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে আধুনিক সুবিধা-সংবলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ (প্রথম সংশোধন) প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়িত হলে চিকিৎসা শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি বিশেষায়িত স্বাস্থ্যসেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
যোগাযোগ ব্যবস্থার সার্বিক নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর স্মার্ট মেইনটেন্যান্স টেকনোলজি অব ব্রিজ আন্ডার রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রকল্প অনুমোদন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ’ প্রকল্প অনুমোদন লাভ করেছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও প্রাকৃতিক বিপর্যয় থেকে জনপদ সুরক্ষায় পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প তালিকায় স্থান পেয়েছে। প্রকল্প দুটি হলো ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা প্রকল্প এবং চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প। এই প্রকল্পগুলো সংশ্লিষ্ট অঞ্চলের কৃষি জমি ও বসতবাড়ি রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের টেকসই রূপান্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীনে দুটি সংশোধিত প্রকল্প পাস হয়েছে। যার মধ্যে রয়েছে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে জামালপুর জেলার মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প এবং রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (প্রথম সংশোধন) প্রকল্প।
এ ছাড়া প্রাণিসম্পদ খাতের সামগ্রিক উৎপাদন বৃদ্ধি ও সেবার মান বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ‘রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন’ সংক্রান্ত প্রকল্প অনুমোদন লাভ করেছে।
একনেক বৈঠকে পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়-সংবলিত ৯টি প্রকল্প সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এগুলোর মধ্যে রয়েছে বিএসএল-৩ গবেষণাগার স্থাপন এবং ভ্যাকসিন ও বায়োলজিক্স গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প, বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রথম সংশোধিত প্রকল্প, সুন্দরবন সুরক্ষা প্রকল্প, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ প্রকল্প এবং ঢাকার গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূ-গর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প।
অবহিত হওয়া অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ডিপিডিসি এলাকার বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্প, মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প, জনসেবা প্রদানে নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার প্রকল্প এবং কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে প্রি-প্রাইমারি ও প্রাইমারি এডুকেশন ইমপ্রুভমেন্ট সংক্রান্ত প্রকল্প।
সভায় উপস্থিত ছিলেন অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান; কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ