জাতীয় ডেস্ক
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থতার কারণে দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় ভোট দিতে পারছেন না। ফলে কার্যত ভোটে অংশগ্রহণকারী সদস্যের সংখ্যা নেমে আসছে ৩৪৮ জনে।
ভোট দিতে না পারার বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকার বরাবর চিঠি দিয়েছেন মির্জা আব্বাস।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশে চিকিৎসাধীন থাকায় মির্জা আব্বাস রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে উপস্থিত থাকতে পারবেন না।
সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে।


