বাংলাদেশে মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম জোরদারে আগ্রহী এমএসএফ

বাংলাদেশে মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম জোরদারে আগ্রহী এমএসএফ

জাতীয় ডেস্ক
বাংলাদেশে মানবিক সহায়তা ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আরো বিস্তৃত ও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সংস্থা মেডসাঁ সাঁ ফ্রতিয়ের (এমএসএফ)। দেশের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে চিকিৎসাসেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে এমএসএফের চলমান মানবিক কার্যক্রম, জরুরি স্বাস্থ্যসেবা এবং সংকটকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য সহায়তার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দেশে দীর্ঘদিন ধরে মানবিক ও চিকিৎসাসেবা প্রদানে এমএসএফের ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, যেকোনো মানবিক সংকটের সময় মানুষের জীবন রক্ষা এবং মানসম্মত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর অংশগ্রহণ ও সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ সরকার মানবিক সহায়তাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
আলোচনায় দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতে জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, অভ্যন্তরীণ ও সীমান্ত বাস্তুচ্যুতি, সংক্রামক ব্যাধি ও মহামারির প্রাদুর্ভাবসহ বিভিন্ন জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের সম্ভাব্যতা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে। সংকটকালে স্বাস্থ্য ব্যবস্থার ওপর যে অতিরিক্ত চাপ তৈরি হয়, তা নিরসনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত ভূমিকা জরুরি বলে বৈঠকে আলোচনা হয়।
এমএসএফের প্রতিনিধিদল বাংলাদেশে তাদের দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বাস্তবমুখী বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরে। প্রত্যন্ত ও সংকটপূর্ণ অঞ্চলে সেবা দিতে গিয়ে সংস্থাটি যেসব চ্যালেঞ্জ ও বাস্তবতার মুখোমুখি হচ্ছে, তা উপদেষ্টাকে অবহিত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রমের পরিসর ও গুণগত মান বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনার দিকও তুলে ধরা হয়।
বৈঠকে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ও অন্যান্য জরুরি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় আরো জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া স্বাস্থ্য ও মানবিক খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ, চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি এবং যেকোনো জাতীয় ও আঞ্চলিক জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইম বাংলাদেশে সংস্থাটির মানবিক কার্যক্রমের অভিজ্ঞতা ব্যক্ত করে জানান, স্বাস্থ্যসেবার ঘাটতি মেটাতে তারা সরকারি নীতিমালার আলোকে সহায়তা কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বাংলাদেশে এমএসএফের মানবিক উদ্যোগ অব্যাহত রাখা এবং জাতীয় প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয় অংশীদারত্বের মাধ্যমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে এমএসএফের আন্তর্জাতিক সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থাটির বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এলকো ব্রুমেলম্যান, মালয়েশিয়া মিশনের আঞ্চলিক মানবিক বিষয়ক প্রধান আনা আনসারি এবং বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার ইমামুর রহমান।
বৈঠক শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, পারস্পরিক সহযোগিতা ও পেশাদার সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে এমএসএফের মানবিক স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আগামী দিনে আরও ফলপ্রসূ ও টেকসই হবে।
জাতীয় শীর্ষ সংবাদ