১৭ বছর পর পুনঃস্থাপিত হলো আরএমপি প্রতিষ্ঠাতায় খালেদা জিয়ার নামফলক

১৭ বছর পর পুনঃস্থাপিত হলো আরএমপি প্রতিষ্ঠাতায় খালেদা জিয়ার নামফলক

জাতীয় ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নামফলক দীর্ঘ ১৭ বছর পর পুনরায় স্থাপন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঐতিহাসিক ফলকটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী উল্লেখ করেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া রাজশাহীতে এসে আরএমপির শুভ সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তবে দীর্ঘ ১৭ বছর প্রতিষ্ঠানটিতে সেই ঐতিহাসিক নামফলকটি সংরক্ষিত ছিল না। দীর্ঘ সময় পেরিয়ে সেই স্মারকটি পুনঃস্থাপন করার মাধ্যমে ঐতিহাসিক সত্যকে সম্মান জানানো হলো।
ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপির ভূমিকার প্রশংসা করে বলেন, সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে আরএমপি আজ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। প্রশাসনের প্রতিটি স্তরে আইনের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, আইন নিজস্ব গতিতে চলবে এবং অপরাধী যে-ই হোক না কেন—এমনকি নিজের পরিবারের কেউ অন্যায় করলেও—আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে আইনগত ব্যবস্থা নিতে হবে।
বক্তব্যে রাজশাহীর আর্থ-সামাজিক পরিস্থিতির অতীত ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অতীতে রাজশাহীর সার্বিক পরিবেশ ও মানুষের জীবনযাত্রা স্বস্তিদায়ক ছিল। কিন্তু পরবর্তী সময়ে মাদকের বিস্তার ও অবৈধ চোরাচালানের মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠী অবৈধ সম্পদের মালিক হয়েছে। মাদক ও মাদক কারবারিদের দেশ এবং সমাজের চরম শত্রু হিসেবে আখ্যায়িত করে তিনি রাজশাহীর স্বাভাবিক ও সুস্থ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে সাবেক প্রধানমন্ত্রীর অবদান স্মরণ করে ভূমিমন্ত্রী বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। নামফলক উন্মোচন পর্ব শেষে সাবেক এই প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি ও নাগরিক কল্যাণ নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা এবং রাজশাহী জেলা দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমানসহ পুলিশ ও সিভিল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জাতীয় শীর্ষ সংবাদ