আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতীয় ডেস্ক
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর আজ রোববার (২৩ আগস্ট) আনুষ্ঠানিক কার্যভার গ্রহণের অংশ হিসেবে বঙ্গভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন তিনি।
নির্ধারিত প্রটোকল অনুযায়ী, নবনির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছালে সেখানে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে অভ্যর্থনা জানিয়ে ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে। এরপর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রপ্রধানকে গার্ড অব অনার প্রদান করবে। গার্ড অব অনার গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে তিনি বঙ্গভবনে নিজের নির্ধারিত কার্যালয়ে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।
এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানের পর তিনি আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।
এরও আগে গত বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি জয়লাভ করেন। নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবং শপথ গ্রহণের আগে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির এই আগমন ও আনুষ্ঠানিক সুচনাকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জাতীয় শীর্ষ সংবাদ