যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত দুই

যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত দুই

আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিরতি চুক্তি বলবৎ থাকার পরও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চার বছর বয়সী এক শিশুসহ অন্তত দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। গাজা থেকে বেলুন ও ড্রোন পাঠানোর অভিযোগ তুলে সামরিক অভিযান আরও জোরদার করার হুমকি দিয়েছে তেল আবিব।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গাজার জাওয়াইদা শহরের একটি আবাসিক ভবন এবং নিকটবর্তী নুসেইরাত শরণার্থীশিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার সময় নিক্ষিপ্ত বিস্ফোরকের আঘাতে সৃষ্ট উড়ন্ত ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে চার বছর বয়সী মোহাম্মদ আবদেল-সালাম তাহা গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে। এর আগে দেইর আল-বালাহ শহরে হামাসের এক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছিল ইসরায়েল।
এই সহিংসতার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজা থেকে ড্রোন, ঘুড়ি ও অগ্নিসংযোগকারী বেলুন পাঠানো বন্ধ না হলে উপত্যকায় হামলা আরও তীব্র করা হবে। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় বেসামরিক নাগরিকদের এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। দলটির জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম এক প্রতিক্রিয়ায় জানান, গাজার শিশুরা চরম অবরুদ্ধ ও ধ্বংসস্তূপের মধ্য দিয়েই খেলার ছলে ঘুড়ি ওড়ায়, যা কোনো সামরিক হুমকি নয়। এটিকে অযুহাত হিসেবে ব্যবহার করে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাগুলো চলমান সংঘাতের স্থায়িত্ব এবং যুদ্ধবিরতি চুক্তিগুলোর কার্যকারিতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও গাজায় সামরিক অভিযানে নতুন করে এক হাজার দুইশর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানবিক সংকটের এই চরম মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কার্যকর যুদ্ধবিরতি ও কূটনৈতিক উদ্যোগের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এরই মধ্যে গাজার বাইরে অধিকৃত পশ্চিম তীরেও উত্তেজনার পারদ চড়েছে। সেখানে এক ইসরায়েলি নাগরিককে ছুরিকাঘাতের ঘটনার প্রতিক্রিয়ায় পরিচালিত তল্লাশি ও দমন অভিযানে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। একযোগে চলা এসব ঘটনায় পুরো অঞ্চলে নতুন করে বড় ধরনের সহিংসতার শঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক শীর্ষ সংবাদ