সরকারের ১৮০ দিনের ব্যর্থতা তুলে ধরে এনসিপির সংবাদ সম্মেলন: প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের অভিযোগ

সরকারের ১৮০ দিনের ব্যর্থতা তুলে ধরে এনসিপির সংবাদ সম্মেলন: প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের অভিযোগ

জাতীয় ডেস্ক

বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় ব্যক্তিদের বসিয়ে মনোনয়নবঞ্চিত ও নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসন করা হচ্ছে।

সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও সার্বিক পরিস্থিতির মূল্যায়ন তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, বিগত ছয় মাসে দেশের ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ১১টি সিটি করপোরেশন এবং ৬৩টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে ক্ষমতাসীন দলের ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকটের চিত্র তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয় এবং রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি করা হয়। এর ফলে কৃষি সেচ, সার ও গণপরিবহনসহ অর্থনীতির বিভিন্ন খাতে বিরূপ প্রভাব পড়েছে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদার তুলনায় ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে দাবি করে তিনি জানান, গ্যাস সংকটের কারণে রাজধানীসহ বিভিন্ন এলাকায় রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না এবং শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানি ক্রয়াদেশ হাতছাড়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, সরকার আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মাথায় মূল্যবৃদ্ধি করেছে। লোডশেডিং, ভুতুড়ে বিল এবং ক্যাপাসিটি চার্জের বোঝা বিদ্যুৎ খাতকে আরও বিপর্যস্ত করে তুলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত জাতীয় কমিটির সুপারিশ বর্তমান সরকার বাস্তবায়ন করছে না বলেও তিনি অভিযোগ করেন।

কৃষি ও স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, বর্তমানে কৃষকরা পর্যাপ্ত সার পাচ্ছেন না এবং বাড়তি মূল্যে কৃষি উপকরণ কিনতে বাধ্য হচ্ছেন। স্বাস্থ্যখাতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও কোনো কার্যকর বিশেষায়িত স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তোলা হয়নি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা ও বিরোধী মতাদর্শের ওপর হামলার ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির বিবরণ দিয়ে তিনি দাবি করেন, গত ছয় মাসে দেশে মোট ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার বড় একটি অংশের জন্য ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দায়ী। এসব ঘটনায় এনসিপির বহু নেতাকর্মী হামলার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে গণরায়কে উপেক্ষা করছে।

রাজনীতি শীর্ষ সংবাদ