জাতীয় ডেস্ক
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করেন। সরকারের দীর্ঘমেয়াদি পরিবেশগত উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার সকালে আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লালমাটিয়া উচ্চ বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার বার্তা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। চারা রোপণের পর প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আশপাশে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং তাদের অভিভাবকদের এ বিষয়ে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন।
সরকার নির্ধারিত আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির সঙ্গে সংগতি রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিশু বয়স থেকেই শিক্ষার্থীদের মাঝে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কার্যক্রমে অংশ নেয়।


