অনলাইন শপিংয়ের প্রচার ও উপহারের পণ্যের ছবি পোস্ট করার চাপ নিয়ে দীপা খন্দকারের রসাত্মক মন্তব্য

অনলাইন শপিংয়ের প্রচার ও উপহারের পণ্যের ছবি পোস্ট করার চাপ নিয়ে দীপা খন্দকারের রসাত্মক মন্তব্য

বিনোদেন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন শপিং পেজ থেকে উপহার পাওয়া পণ্যের প্রচার এবং ছবি পোস্ট করার অনুরোধ নিয়ে সম্প্রতি শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। অভিনেত্রী তানজিন তিশাকে কেন্দ্র করে তৈরি হওয়া আইনি জটিলতার রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। ব্যক্তিগত সম্পর্ক ও উপহারের আড়ালে বাণিজ্যিক প্রচারের এই প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার দীপা খন্দকার তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, সম্প্রতি এক বান্ধবী তাকে উপহার হিসেবে একটি শাড়ি দেন। উপহার পাওয়ার পর প্রথমে আনন্দিত হলেও সেই অনুভূতি দীর্ঘস্থায়ী হয়নি। উপহার দেওয়ার কিছু সময় পর ওই বান্ধবী তাকে মেসেজ পাঠিয়ে অনুরোধ করেন, যেন শাড়িটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়।
দীপা জানান, শুটিংয়ের ব্যস্ততার মাঝেও তিনি শাড়িটি পরে ছবি তুলে ওই বান্ধবীকে পাঠিয়ে দেন, যাতে তারা সেটি ব্যবহার করতে পারেন। কিন্তু এখানেই শেষ নয়; পরবর্তীতে নির্দিষ্ট একটি অনলাইন শপিং পেজকে ট্যাগ করে নিজের ব্যক্তিগত আইডি থেকে পোস্ট দেওয়ার অনুরোধ জানানো হয়। এমন পরিস্থিতিতে কিছুটা অস্বস্তি ও বিরক্তি থেকেই তিনি বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মজার ছলে স্ট্যাটাস দেন।
নিজের পোস্টে দীপা খন্দকার লেখেন, ‘ভয় লাগে কবে জানি আম্মা ভর্তা পাঠিয়ে বলে ট্যাগ করে পোস্ট দে, নাহলে কেস করে দেব! এমন হলে তানজিন তিশা আমাকে বাঁচাইও। এই পোস্টের যুগে আমি কেন ভাই? নিজের টাকায় জিনিস কেনার পরও অনেকে রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি?’
দীপার এই পোস্টের কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী তানজিন তিশাও। তার মন্তব্যের জবাবে তিশা লেখেন, ‘আপু ভালো একটা কথা বলেছেন! কোনো চিন্তা করবেন না। আমি আছি লড়াই করার জন্য। আল্লাহ ভরসা।’
এর আগে সম্প্রতি একটি অনলাইন শপিং পেজ থেকে শাড়ি নেওয়া, সেটির প্রচার এবং মূল্য পরিশোধ নিয়ে বিরোধের জেরে অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। ওই অনলাইন শপিং পেজের পক্ষ থেকে অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়। তানজিন তিশার দাবি ছিল, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এবং এর কোনো বাণিজ্যিক চুক্তি ছিল না। পরবর্তীতে আইনি জটিলতা তৈরি হলে গত ১৩ আগস্ট ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনা সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন ও পেশাদার প্রচারের সীমারেখা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তারকাদের জনপ্রিয়তাকে ব্যবহার করে বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচার পাওয়ার এই প্রবণতা সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে সম্পর্ক ও উপহারের আসল অর্থকে প্রশ্নবিদ্ধ করছে। দীপা খন্দকারের এই পোস্ট কেবল একটি বিনোদনমূলক মন্তব্য নয়, বরং আধুনিক ডিজিটাল সংস্কৃতির বাণিজ্যিকীকরণ ও সম্পর্কের আড়ালে লুকানো চাপের বিষয়টিকেই জোরালোভাবে সামনে নিয়ে এসেছে।
বিনোদন শীর্ষ সংবাদ