সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক ১৮ বছরের পুরোনো প্রতারণা মামলায় গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক ১৮ বছরের পুরোনো প্রতারণা মামলায় গ্রেপ্তার

রাজধানী ডেস্ক
ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরের মে মাসে আদালত তাকে এই মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে দায়ের করা একটি প্রতারণার মামলায় আদালত তাকে এই দণ্ড দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম চলতি বছরের ২০ মে এই রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
মামলার বিবরণে জানা যায়, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী। মামলার বাদী অভিযোগে উল্লেখ করেন, ২০০১ সালের ১ জুলাই বিদিশা তাকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখান এবং তা বিক্রির প্রস্তাব দেন। পরবর্তীতে ৮০ লাখ টাকায় ফ্ল্যাট বিক্রির বিষয়ে উভয় পক্ষের মধ্যে চুক্তি হয়।
অভিযোগে আরও বলা হয়, চুক্তি অনুযায়ী ২০০১ সালের ১০ জুলাই বিদিশার নির্দেশনা অনুযায়ী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাওরান বাজার শাখার মাধ্যমে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দেওয়া হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন সাপেক্ষে বাকি টাকা পরিশোধ এবং ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হলেও বিদিশা ফ্ল্যাট বুঝিয়ে দেননি বলে মামলায় অভিযোগ করা হয়।
পরবর্তীতে ফ্ল্যাট হস্তান্তর না করায় বাদী টাকা ফেরত চাইলে বিদিশা তা পরিশোধের প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক প্রদান করা হলেও ব্যাংকে পর্যাপ্ত তহবিল না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে এই রায় প্রদান করেন। আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আইন আদালত শীর্ষ সংবাদ