মাজার, পীর-তরিকার স্থান বা ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর করা হলে তা বরদাশত করা হবে না বলে :পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মাজার, পীর-তরিকার স্থান বা ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর করা হলে তা বরদাশত করা হবে না বলে :পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রাজনীতি ডেস্ক

বুধবার (২৬ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের আয়োজনে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেবীগঞ্জ উপজেলা আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তার বক্তব্যে বিগত সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ও পীর-তরিকার আস্তানায় হামলা এবং সহিংসতার প্রসঙ্গ টেনে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, অতীতে বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও মাজারে হামলার ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড পুনরায় ঘটলে সাধারণ মানুষ ও সচেতন সমাজ ঘরে বসে থাকবে না। সরকার দেশে ধর্মীয় সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর এবং কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

ধর্মীয় সম্প্রীতির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ইসলাম শান্তি ও মানবতার বার্তা নিয়ে এসেছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা হানাহানি পরিহার করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করতে হবে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার মাধ্যমেই প্রকৃত ইসলামী মূল্যবোধ চর্চা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমুখী বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কৃষি খাতের উন্নয়নে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিলার নিয়োগ প্রক্রিয়া আরও সুসংহত করা হবে, যাতে কোনো কৃষককে বাড়তি মূল্যে সার কিনতে না হয়। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে সোলার বা সৌরশক্তি প্রকল্পের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বয়স্ক ভাতা, কৃষক কার্ডসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদি, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া এবং পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলামসহ আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য সফিকুল ইসলাম।

জাতীয় শীর্ষ সংবাদ