বিনোদন ডেস্ক
অভিনয়ের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে অবকাশ যাপনে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ব্যস্ত কর্মজীবন থেকে কিছুটা সময় বের করে এই ইউরোপীয় দেশটিতে ভ্রমণ করছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্যারিসের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা।
প্যারিসের বিখ্যাত উনিশ শতকের স্থাপত্য পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে তোলা একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তাসনিয়া ফারিণ। ওই ছবিতে তাকে কালো রঙের পোশাকে হাস্যোজ্বলে দেখা গেছে। তার পেছনে ঐতিহাসিক স্থাপনা এবং প্যারিসের নীল আকাশ এক নান্দনিক পরিবেশ ফুটিয়ে তুলেছে। ছবিটি প্রকাশের পর থেকেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে এবং ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।
ভ্রমণের এই সময়টিতে জীবনের নশ্বরতা ও ক্ষণস্থায়িত্ব নিয়ে নিজের গভীর উপলব্ধির কথা প্রকাশ করেছেন ফারিণ। ছবিটির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, এই পৃথিবীতে মানুষের নিজস্ব বলে স্থায়ী কিছু নেই—তা মানুষ, সম্পত্তি কিংবা কোনো মুহূর্ত হোক না কেন। মানুষ কেবল এক মাধ্যম হিসেবে কাজ করে, যার মধ্য দিয়ে ভালোবাসা, সম্পর্ক এবং বিভিন্ন অভিজ্ঞতা কিছু সময়ের জন্য প্রবাহিত হয় এবং একসময় সবকিছু পেছনে ফেলে চলে যেতে হয়। তার এই চিন্তাশীল মন্তব্য ভক্তদের মাঝে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
ছোট পর্দার নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিয়মিত ও সফল কাজ করে যাচ্ছেন তাসনিয়া ফারিণ। গত বছর চিত্রনায়ক শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় নিজের অবস্থান আরও দৃঢ় করেন তিনি। এর ধারাবাহিকতায় চলতি বছর পবিত্র ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হন। বর্তমান সময়ে ছোট ও বড় দুই মাধ্যমেই তার সাবলীল অভিনয় তাকে দেশের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রীতে পরিণত করেছে। অভিনয়জীবনের এই কঠোর পরিশ্রমের মাঝেই মানসিক প্রশান্তি এবং নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য মাঝেমধ্যে দেশের বাইরে ভ্রমণে যান এই তারকা। প্যারিস ভ্রমণ শেষে তার শিঘ্রই দেশে ফিরে পূর্বনির্ধারিত অভিনয় প্রকল্পগুলোর কাজ শুরু করার কথা রয়েছে।


